ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন। আগ্রহীদের প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নিজ দফতরে এ তথ্য জানিয়েছেন তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যতটুকু খবর আছে, প্রায় ৫০০ জন বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। এরমধ্যে প্রায় ২৫০ জনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের পোল্যান্ড মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’


কীভাবে তাদের প্রত্যাবাসন করা হবে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থায় আসতে হবে। পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে তাদের বিশেষ বিমান পাঠিয়ে আনা যায় কিনা, সেটি আমরা আলোচনা করছি।’


পোল্যান্ডের ভিসার বিষয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেসব বাংলাদেশি পোল্যান্ডে প্রবেশ করবেন, তাদের যেন অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।’


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ কাজে সহায়তা করার জন্য ইটালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে কূটনীতিকদের পোল্যান্ডে পাঠানো হয়েছে।’


ইউক্রেন পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখনও মন্তব্য করার সময় আসেনি। তবে এর কারণে জ্বালানিসহ অন্যান্য পণ্যের দাম বাড়বে। এর প্রভাব শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ওপরেও পড়বে।’


রূপপুর বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে এবং এর ওপর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গেছে। এতে কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না।’

ads
ads
ads

Our Facebook Page

↑